কবিতা

 তোমাকে পাবার পথে তুমিই বড় বাধা

এতবার না বল তবু

বাধা মানতে পারি না

ঠান্ডা না- সহজ না- কঠিন না

তোমাকে পাবার পথে তুমিই বড় বাধা


তোমাকে পাবার কথা ভাবতে গেলেই

চোখের কোণ ঝুলে পরে পলকা নিঃশ্বাসেরা 

হৃদয় ব্যস্তসমস্ত হয়ে জানিয়ে দেয়

ঠাঁই নেই

তবু মস্তিষ্কের কি এক আহ্বানে

কোন এক মহাকর্ষীয় ব্যখ্যার 

      জাপটাজাপটিতে

পায়ে পায়ে আমি হাজির হই

এগারোর বি, পরিণত রাণীর 

       যবনিকা টানতে।


তোমায় নিয়ে কবিতাটা তাই বেড়েও 

     বাড়তে পারে না

আমার শ্বাসের মাঝে 

মাঝে মাঝে কবিতারা 

    ধাক্কা দিয়ে যায়। 

তোমায় নিয়ে আমার মাঝে

কোন কবিতা নেই

এজন্যই শব্দের পর শব্দের পর শব্দ বসাতে

এত ভাবতে হয় আমাকে।

তোমায় নিয়ে আমার মাঝে

আসলেই কোন কবিতা নেই।


কেবল পাঁজর নিংড়ে যাওয়া নিঃশ্বাস আছে

     শীতের রাতে কমলা সোয়েটারে বোনা

              দুলক্ষ চোখের কাজল আছে

তোমার কাছে রাখা আমার

              একশ একটা গান আছে

আর আছে ধোঁয়া।


এই ধোঁয়ার চাদরে তোমার সাথে

         ঢুকতে আমার দ্বিধা হয় না

ধোঁয়ার মাঝে ঢুকতে ঢুকতে সব সংজ্ঞা 

         যখন বিলীন হয়ে যায়

সেই সময়টা বড় ভাল লাগে

সেই সময়টা বড় স্বস্তি লাগে।


তুমি যেমন বাক্স বোঝো

আমি তেমনই বাক্স বুঝি না

তুমি যেমন অঙ্ক খোঁজো

আমি তেমনই মন্ত্র জপি


এজন্যই তুমি ধোঁয়া ভালোবাসো

এজন্যই আমি ধোঁয়া ভালোবাসি।

Comments