হুট কবিতা

 কপালের কোণে টিপটিপে জ্বলে ব্যথা

শ্বাসের আড়ালে লুকিয়ে রয়েছি আমি

ধীর লয়ে চলে মহিষাসুর এর ঘোড়া

মৃত্যু সাগরে খুঁজেই নেবে সে জানি। 


আমি কোথায়? আমি কোথায়?

          আমি কোথায়?

ক্লান্তি নাকি কাগজের অলসতা-

ঘাড়ের ওপরে আলতো এসে বসে,

আড়মোড়া ভাঙে গোপন সে স্বপ্নেরা।


সে কে? চেনেনা কেউ তো তাকে

চিন্তার সাজি সাজিয়ে এনেছে কারা?

অন্ধ আমাকে জাপটে ধরেছে দেখো,

বন্ধ করেছে পিপীলিকাদের পাখা।


কথার সাগরে হাবুডুবু খাই আমি,

নৈঃশব্দের খড়কুটো চেপে ধরে

    বাঁচতে চেয়েছি, 

          বারবার বেঁচে মরে-

ঘাটে ঘাটে খুঁজি মেধাবী চাঁদের শাখা।


বাক্সে বন্দী তনয়া আমার জাগে,

জোর বেগে ছোটে আগুন পাখার ঘোড়া। 

প্রশ্ন কথার অস্থির দুলুনিতে

মরব ভেবেও বাঁচতে হয় আমাকে।

Comments