ছাঁটা ঘাস
সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে হচ্ছিল
ওর রেখে যাওয়া বিছানায় শুয়ে
ওর ফেলে যাওয়া ঘ্রাণ নিই।
বালিশটা দুমড়ে মুচড়ে আছে
ওর মাথার ভারে,
কম্বলে আঁকা ওর শরীরের
আদল।
ঘরময় ওর একটা প্রকট অনুপস্থিতি।
ওর ফেলে যাওয়া চাদর,
মুখ ধুয়ে মুছে রাখা
রুমাল
লালচে।
ওর চকমকে হাসিভরা চোখ
ঘরময় ঘুরে ঘুরে
আমাকেই খুঁজে বেরায়।
আমি বুঝি
ছাঁটা ঘাসের মত
এ ভালবাসাও একদিন
জড়ো হবে জীবনের থলিতে।
তবু যতদিন ছিল চারপাতা ক্লোভার,
সুখ ছিল তো
বুকে
শিহরণ ছিল।
ভালবাসার আরাম ছিল মনে, চোখে, গালে।
একপাল ভদ্র বেশ্যার চোখের সামনে
আমরা লিপ্ত হয়েছি তো
সঙ্গমে।
২৫ জুন, ২০২৩.
Comments
Post a Comment